বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
বুধবার পরীক্ষা হলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল পরীক্ষার্থীরা শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ—আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত বরিশালে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন মায়ের লাশ রেখে কেমনে এখানে আসি’—মায়ের মৃত্যুশোকে বাজারে পুড়ল সুরমার জীবিকার একমাত্র অবলম্বন মুলাদীতে দুই শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ, সেতুর নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জনের মৃত্যু সৌদি আরবে পাচারের দায়ে ৪ ভাই-বোনকে কারাদণ্ড
মুলাদীতে দুই শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ, সেতুর নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত

মুলাদীতে দুই শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ, সেতুর নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত

বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিকল্প কোনো পথ না থাকায় নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত মানুষকে খাসেরহাট গুচ্ছগ্রাম এলাকার একটি ঢালাই সেতুর নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, খাসেরহাট গুচ্ছগ্রাম ঢালাই সেতু থেকে উত্তর দিকে বজায়শুলী গ্রাম পর্যন্ত যাওয়া রাস্তাটি বজায়শুলী গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে মোস্তফা সরদার ও তাঁর লোকজন শুকনা নারিকেল পাতা ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে গত প্রায় এক বছর ধরে ভোগান্তিতে পড়েছে গ্রামের দুই শতাধিক পরিবার।

বজায়শুলী গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান শরীফ বলেন, “আমাদের চলাচলের আর কোনো পথ নেই। বাধ্য হয়ে খাসেরহাট কাঠেরপুল এলাকার ঢালাই সেতুর একদম নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।”

সরেজমিনে দেখা যায়, মূল রাস্তাটি বন্ধ থাকায় গ্রামবাসী সেতুর নিচের ফাঁকা অংশ দিয়ে চলাচল করছে। নিচু ও অন্ধকারাচ্ছন্ন কর্দমাক্ত ওই পথ দিয়ে পিঠ সোজা করে হাঁটাও কষ্টকর। সামান্য অসতর্কতায় মাথায় আঘাত পাওয়া কিংবা পাশের খালের পানিতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নান ফকির জানান, খাসেরহাট গুচ্ছগ্রামে আগে বেইলি সেতুর পশ্চিম পাশে সরকারি খাসজমির ওপর দিয়ে একটি রাস্তা ছিল। পরে বেইলি সেতু ভেঙে ঢালাই সেতুর গাইডওয়াল নির্মাণের সময় রাস্তাটি সরু হয়ে যায়। এ সুযোগে মোস্তফা সরদার ও তাঁর লোকজন পথটি পুরোপুরি বন্ধ করে দেন। পরে খাসজমির রাস্তাটি খুলে দেওয়ার অনুরোধ জানানো হলে তাঁরা আদালতে মামলা করেন। ইতোমধ্যে ওই মামলায় আদালত ও থানা থেকে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী পারভেজ খান বলেন, “পথটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। ঢালাই সেতু নির্মাণের পর এটি বন্ধ করে দেওয়ায় শত শত মানুষ দুর্ভোগে পড়েছে। একটি মাত্র রাস্তার জন্য পুরো এলাকার দুই শতাধিক পরিবার আজ যেন বন্দিদশায় জীবনযাপন করছে। দ্রুত এই অচলাবস্থার অবসান ঘটিয়ে নিরাপদ চলাচলের পথ উন্মুক্ত করা প্রয়োজন।” তিনি আরও বলেন, সেতুর নিচ দিয়ে সরু রাস্তা ব্যবহার করায় খালটি ভরাট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে মোস্তফা সরদার বলেন, “আমাদের রেকর্ডীয় জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তাই আমরা বেড়া দিতে বাধ্য হয়েছি। স্থানীয় কয়েকজন জমিটিকে সরকারি খাসজমি দাবি করায় বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।”

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, “রাস্তা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নোটিশ জারি করা হয়েছে।”

এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, “সাধারণ মানুষের চলাচল বন্ধ করার সুযোগ নেই। খাসেরহাট গুচ্ছগ্রাম সেতুর পশ্চিম পাশে সরকারি জমি থাকলে সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে বন্ধ রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

এদিকে, দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র পথ বন্ধ থাকায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে দ্রুত সমস্যাটির স্থায়ী সমাধান করা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost