
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জনপ্রিয় ব্র্যান্ডের নাম ভাঙ্গিয়ে নকল ‘ফুল এক্সেল’ ডিটারজেন্ট পাউডার বিক্রির অপরাধে নাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল পণ্য বহনে ব্যবহৃত দুইটি ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
১০ অক্টোবর দুপুরে ভাণ্ডারিয়া বন্দরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং এই জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু একটি চক্র ব্র্যান্ডের নাম নকল করে নিম্নমানের ডিটারজেন্ট বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ও প্রশাসন এই জালিয়াতি প্রতিরোধ করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও বাজার মনিটরিং নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।