
আগামী ১০ বছরেও বিএনপি সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়—সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা—২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, “গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। এখন তারা জানে, যা করার বিএনপিই করবে।”
শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রি—বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, “জাতীয়করণ হলে শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা দুটিই বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য যত টাকা লাগে, তা দেওয়া হবে।”
তিনি বলেন, “আমরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও জাতীয়করণের পক্ষে। তবে শর্ত থাকবে, শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। ৩২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৫ থেকে ২৬ হাজার প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারলে বেশির ভাগ প্রতিষ্ঠানই এ সুবিধা পাবে বলে মনে করি।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি মোহাম্মদ এমদাদুল হক পলাশ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।