
তিন বছর আগে খালে ডুবে প্রাণ হারায় ছোট্ট বোন আবিদা। তখন তার বয়স ছিল মাত্র তিন বছর। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার পিরোজপুরের জিয়ানগরে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আশরাফুলের (১২)। দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঘোষেরহাট এলাকার আওরাপোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল জিয়ানগর উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের রাজীব ও নাজমা বেগমের ছেলে। তার বড় ভাই মাশরাফি একই উপজেলার এফ করিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আশরাফুলের বাবা রাজীব জীবিকার তাগিদে খুলনার একটি ইটভাটায় কাজ করেন।
তিন বছর আগে খালে ডুবে মারা যায় আশরাফুলের ছোট বোন আবিদা। এক মেয়েকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই এবার ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা—মা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দু’দিন আগে আশরাফুল নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের সড়ক দিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পাশের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুলের খালু নজরুল ইসলাম বলেন, আশরাফুল বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়।
তিনি বলেন, তিন বছর আগে আশরাফুলের ছোট বোন আবিদা খালে ডুবে মারা যায়। তখন তার বয়স ছিল মাত্র ৩ থেকে ৪ বছর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। সেই শোক পরিবার এখনো ভুলতে পারেনি। এর মধ্যে আবার ছেলেটিকেও হারাতে হলো। পরিবারটি অনেক কষ্টের মধ্যে আছে।
আশরাফুলের নানা মোয়াজ্জেম বলেন, আমার নাতি রাস্তা পার হতে গিয়েছিল। এ সময় অটোর ধাক্কায় তার প্রাণ গেছে। আমাদের কোনো অভিযোগ নাই। এটা সড়ক দুর্ঘটনা ছিল। আমি এখন আমার নাতিকে নিয়ে যাব।
পিরোজপুর জেলা হাসপাতালের একজন মেডিকেল অফিসার জানান, দুর্ঘটনার পর আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহব্বত খান বলেন, দুর্ঘটনার পর আশরাফুলকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অটোরিকশা ও চালককে থানায় আটক রাখা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।