মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
কলাপাড়ায় প্রবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কলাপাড়ায় প্রবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক প্রবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগার তবক এলাকায় নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী মরিয়ম বেগম প্রায় আট বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। সংসারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন প্রবাসজীবন কাটানোর পর মাত্র আট দিন আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। দেশে ফেরার পর থেকেই স্বামীর সঙ্গে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তার বিরোধ চলছিল।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর স্বামী নাসির উদ্দিন মরিয়মের কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতে স্বামী—স্ত্রী একই ঘরে ছিলেন।

ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর থেকেই তিনি পালিয়ে যান। সকালে এলাকাবাসী বাড়িতে গিয়ে বাড়ির আঙিনার একটি রেইনট্রি গাছের নিচে মরিয়ম বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, “মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost