শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

হিজলায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা ভাঙচুর

হিজলায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা ভাঙচুর

বরিশালের হিজলা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪—৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হিজলা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হিজলা উপজেলার ৩ নম্বর গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কোড়ালিয়া এলাকায় মোশারফ মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান টাইমস অব বরিশালের স্টাফ রিপোর্টার ও হিজলা প্রতিনিধি মো. মাসুদ সরদার।

অভিযোগে বলা হয়, ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার পথরোধ করে সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করেন। এছাড়া তার সংবাদ সংগ্রহের ক্যামেরা ভাঙচুর করে পানিতে ফেলে দেওয়া হয়, যাতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

আহত সাংবাদিক বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরে পত্রিকা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি হিজলা থানায় এজাহার দায়ের করেন।

এ ঘটনায় তুষার মিয়াজী, আবুল বাশার মিয়াজী, আল—আমিন মিয়াজী, ইমরান সরদার, মিজানুর রহমান সরদার, আবু—সাঈদ বাবু, জাহানারা বেগম বিউটি, কামরুন্নাহার বেগম, আবু—আব্দুল্লাহ মিয়াজী ও আব্দুল্লাহ বিন কালামসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪—৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে হিজলা থানার পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost