
জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অধ্যাপক হুমায়ুন কবির বলেন ,জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এ বিজয় দিবস আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়।