
পিরোজপুরের কাউখালীতে সপ্তাহব্যাপী মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রাম পুলিশদের (চৌকিদার) নিয়ে এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী থানার উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানা পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন উপস্থিত চৌকিদারদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও বিশেষ অভিযান সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি এলাকার প্রতিটি গ্রামে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অস্ত্রধারীদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা এবং যেকোনো সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার নির্দেশ দেন।
ব্রিফিং শেষে কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,আমাদের প্রধান লক্ষ্য কাউখালী উপজেলাকে শতভাগ মাদক ও অপরাধমুক্ত করা। সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযানে আমরা গ্রাম পর্যায়ের তথ্যদাতাদের সক্রিয় করেছি। চৌকিদাররা হলেন তৃণমূল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার মূল চোখ ও কান। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের দেওয়া সঠিক তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাউখালীতে কোনো অপরাধী, মাদক ব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না। অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সভায় কাউখালী থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চৌকিদারবৃন্দ উপস্থিত ছিলেন।