, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
মোবাইল চুরির ঘটনায় কাউনিয়া পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

মোবাইল চুরির ঘটনায় কাউনিয়া পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাটে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে ভুক্তভোগীদের হয়রানি ও ৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চুরি যাওয়া মোবাইল উদ্ধারের আশায় স্থানীয়দের মাধ্যমে আটক এক সন্দেহভাজন ব্যক্তিকে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে সোপর্দ করার পর উল্টো মোবাইলের মালিক ও তাঁর স্বজনকে থানায় আটকে রেখে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় একটি স্ব—মিলের কর্মচারী আবুল হোসেনের মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জমীর নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমামুল ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন জমীর, মোবাইলের মালিক আবুল হোসেন এবং তাঁর আত্মীয় রিন্টুকে থানায় নিয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, থানায় নেওয়ার পর সন্দেহভাজন ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলে আবুল হোসেন ও রিন্টুকে আটকে রাখা হয়। তাঁদের দাবি, চুরি যাওয়া মোবাইল উদ্ধারের আশায় তাঁরা স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। কিন্তু পরে তাঁদেরই বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাঁদের ডোপ টেস্ট করানোর কথা বলে ভয়ভীতি দেখানো হয়। পরে থানা থেকে মুক্তি পেতে তাঁদের কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়। টাকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশের সহযোগিতা চাইতে গিয়ে একজন ভুক্তভোগীকে কেন থানায় আটকে থাকতে হবে এবং তাঁর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগই বা কেন উঠবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই ইমামুল বলেন, “জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে অর্থ নেওয়ার বিষয়টি সঠিক নয়।”

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, “বিষয়টা দুঃখজনক। আমি দেখছি।”

তবে অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য নেওয়ার কিছুক্ষণ পরই ভুক্তভোগীদের থানায় ডেকে পাঠান অভিযুক্ত এসআই ইমামুল—এমন অভিযোগও উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একজন জানান, থানায় ডেকে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং ঘটনাটি নিয়ে তাঁরা যেন আর কোনো কথা না বলেন, সে জন্য চাপ দেওয়া হয়েছে।

তবে ওই অভিযোগের বিষয়ে এসআই ইমামুলের বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost