
শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কলেজ পর্যায়ে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। শিক্ষা, শৃঙ্খলা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও সার্বিক শিক্ষার মানোন্নয়নে অবদান রাখায় প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত করিমের নেতৃত্বে এ অর্জনকে শিক্ষক—কর্মচারী, গভর্নিং বডি, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
১৯৮৯ সালে প্রায় তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি—জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। তাঁর মা এবং প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মজিদা বেগমের নামে কলেজটির নামকরণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কলেজটি। বর্তমানে এখানে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদানের পাশাপাশি ডিগ্রি, কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় দেড় হাজার ছাত্রী অধ্যয়ন করছে।
শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান ও ব্যবহারিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কলেজে রয়েছে সুসজ্জিত বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব ও সমৃদ্ধ গ্রন্থাগার। পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখছে।
শিক্ষা সপ্তাহ–২০২৬—এ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক—কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে অনুপ্রেরণা জোগাবে।
সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতায় অর্জিত এ স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নারীশিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।