
জামালপুর শহরে চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে নারিকেল গাছে উঠে পড়ে এক কিশোর। এরপর পিটুনির বা আটক হওয়ার ভয়ে আর গাছ থেকে নামতে চাচ্ছিল না সে।ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গাছ থেকে নামে ওই কিশোর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ওই কিশোর এলাকায় আসে।এসময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে ধাওয়া দেন। ওই কিশোর পালানোর চেষ্টা করতে গিয়ে একটি ডাব গাছে উঠে পড়ে।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে গাছ থেকে নিচে নামছিল না। পরে রাত ১০টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে নানা কৌশল অবলম্বন করেন তারা। তাকে বুঝিয়ে ও টাকার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে নামানো সম্ভব হয়নি। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে তাকে নামানো হয়।
এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, এক কিশোর চুরি করতে এসে ডাব গাছে উঠে আটকা পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে সে গাছ থেকে নামতে রাজি হচ্ছিল না। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে বা জনতা তাকে পেটাবে। পরে আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে নামতে রাজি হয়নি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর সে গাছ থেকে নেমে আসে। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়।