, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
বরিশালে আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ, চার ঘণ্টা পর থানায় ফেরত

বরিশালে আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ, চার ঘণ্টা পর থানায় ফেরত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর কোতোয়ালি মডেল থানায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়ার বাসা থেকে তাকে নিয়ে যায় পুলিশ। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে থানায় ফিরিয়ে আনা হলে সহপাঠী, বন্ধু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচের কথা বলে মোট ২৭ লাখ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ। ওই টাকা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে বলে তাদের জানানো হয়েছিল।

এ বিষয়ে গত ২৩ এপ্রিল শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাদের জানানো হয়, প্রশিক্ষণের জন্য হাসপাতালের পরিচালক কোনো টাকা নেন না। পরে শিক্ষার্থীদের চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ আদায় করা টাকা ফেরত দেয়।

এ ঘটনায় গত ১৭ মে তদন্ত শুরু করে বরিশাল জজ আদালত। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম ও প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন।

শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার জের ধরে গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া, উসকানি, অসদাচরণ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গত বুধবার (১৯ নভেম্বর) নগরীর সিএন্ডবি রোডের কলেজ ক্যাম্পাসে একক বিক্ষোভ করেন অন্তু। এ সময় কলেজ কর্তৃপক্ষের এক ব্যক্তি তার মাইকের তার ছিঁড়ে দিয়ে তাকে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার এসআই মনিরুজ্জামান অন্তুকে বাসা থেকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে যান বলে জানা গেছে। এরপর তার খোঁজ না পেয়ে সহপাঠী ও বন্ধুরা থানায় যান। প্রথমে পুলিশ তাকে থানায় আনার বিষয়টি অস্বীকার করে এবং আদালতে নেওয়া হয়েছে বলে জানায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

অন্তুর খোঁজ না পেয়ে বরিশাল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা থানায় গিয়ে ওসির দেখা না পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে অন্তুকে থানায় ফিরিয়ে আনা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন ওসি মনিরুজ্জামান।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুজয় সরকার, মহানগর ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সুজন আহমেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার ও বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কাজী মারজানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, আন্দোলনের বিষয়ে জানতে আদালত অন্তুকে ডেকে পাঠিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। সেখানে অন্তু কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। এরপর থেকে তিনি কারও ফোন ধরছিলেন না। খবর পেয়ে পুলিশ তাকে হাসপাতাল থেকে নিয়ে আদালতে নেয়। পরে থানায় এনে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে।

অন্তু বিশ্বাস বলেন, “আমাকে আদালতের একটি জনমানবশূন্য ভবনে একা রেখে আসে পুলিশ। পরে ভয় পেয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে যাই।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost