
বরিশালের কাজিরহাট থানায় সন্ত্রাস দমন আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরাফাত চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-১১, তারিখ ১৯/১১/২০২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম এবং কথিত ‘লকডাউন’ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানা পুলিশ ভাসানচর ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালায়। এ সময় আরাফাত চৌধুরীকে আটক করা হয়।
পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং এসআই মামুন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনের সংশ্লিষ্ট ধারায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আরাফাত চৌধুরীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি দীপঙ্করের সঙ্গে কথা হলে তিনি জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।