
বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে শাহিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোর বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ভুক্তভোগী কিশোরের চিকিৎসা ও ঘটনার তদন্ত চলছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে অভিযুক্ত শাহিন কিশোরটির বাড়িতে খাওয়া-দাওয়া করে। পরে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে কিশোরটিকে তার ভাড়া বাসার একটি টিনের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।
এদিকে কিশোরকে দেখতে না পেয়ে তার বাবা জিয়াউদ্দিন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি অভিযুক্তের ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় স্থানীয়দের মধ্যে হট্টগোল সৃষ্টি হলে তারা অভিযুক্ত শাহিনকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে হেফাজতে নেয়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযুক্ত শাহিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার মান্দ্রাজ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন কাশিপুর চহুতপুর হাওলাদার বাড়ি এলাকায় ভাড়া থাকেন।