
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গোসলে নেমে পানিতে ডুবে মো. রাকিব হোসেন (তরুণ) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন উপজেলার গৌরবদী ইউনিয়নের শান্তিরহাট এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব পেশায় একজন অটোচালক ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সোমবার দুপুরে ভাইদের সঙ্গে গোসল করতে পানিতে নামেন তিনি। এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান।
পরে তার ভাই ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে রাকিবকে উদ্ধার করেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরুণ রাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মসজিদের মুসল্লিরাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।