, , ,
শিরোনাম
সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, কুপিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ কাজিরহাটে মাদকের ভয়াবহ অবস্থা,ধ্বংসের মুখে তরুণ সমাজ মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, আগেও সতর্ক করা হয়েছিল বিসমিল্লাহ বেকারিকে ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল—ট্রলি সংঘর্ষে একজন নিহত, আহত ৪
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নয়ন খান (২৫) নামের এক যুবক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রবেশপথে এ কর্মসূচি শুরু করেন তিনি।

উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালটিতে দ্রুত পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নয়ন। তিনি ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন আরও কয়েকজন যুবক।

তাঁরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ। তাঁদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। তবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এরপর বন্ধ থাকা আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

নয়ন আরও জানান, একই দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি তাঁর কর্মসূচির কারণ জানতেও কেউ আগ্রহ দেখাননি। এ অবস্থায় দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন তিনি।

নয়নের চার দফা দাবি হলো—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নার্সসংকট দূর করা এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবা নিশ্চিত করা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নয়ন খান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, আইসিইউ চালু করতে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং তাঁদের সহযোগিতার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন। কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় জনবল নেই। আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে নয়ন খান প্রায় এক মাস ধরে হাসপাতালের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ছয় শয্যার এ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে এখনো তা চালু করা সম্ভব হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost