
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে গভীর রাতে বুলডোজার নিয়ে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি এক বেকারি মালিককে কুপিয়ে আহত এবং ঘর থেকে নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণকার শাহীন ও তার লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ৭০—৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়িতে আসে। পরে তারা বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের পর বাড়ির ইট, টিন, কাঠসহ বিভিন্ন আসবাব ও গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে—ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ করে বলেন, আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। বের হয়ে দেখি কিছু লোকজন ছুরি—রামদাসহ রাস্তায় দাঁড়িয়ে আছে। আর বেকু দিয়ে ঘর ভাঙছে। আমাদেরকে ঘুমের মধ্যে ঘরহীন করল স্বর্ণকার শাহীন ও তার লোকজন। এ ঘটনায় আমরা আতঙ্কিত।
হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, প্রায় ৭০—৮০ জনের একটি দল রাতের আঁধারে এলাকায় এসে বুলডোজার দিয়ে বসতবাড়ি ভেঙে দেয়। তারা প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এমন ঘটনা আগে কখনো দেখেননি।
স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকাও নিয়ে গেছে হামলাকারীরা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ২ পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।