
বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনের টিকিট কাউন্টার এলাকায় স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবন চত্বরে এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন—শামসুন্নাহার (২৫) ও সাদিয়া (৩৫)। তাদের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা এলাকায় বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাদের ওপর নজর রাখেন। একপর্যায়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগ ওঠার পর তাদের আটক করা হয়।
অভিযানে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা জানান, পিসি নাগর আলীর নেতৃত্বে এপিসি রাকেশ ও নারী আনসার সদস্য শিউলি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে ওই দুই নারীকে আটক করেন।
পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তবে আটক দুই নারীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়—দায়িত্ব নিশ্চিত হওয়া যাবে।