, , ,
শিরোনাম
রাজাপুরে ইয়াবাসহ যুবকের দেড় বছরের কারাদণ্ড কাউখালীতে নারী ও শিশু নির্যাতনবিরোধী সংবাদ সম্মেলনে অপরাধীদের বয়কটের আহ্বান নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ৮৫০ জনের বিরুদ্ধে মামলা চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন দুদিনে ৪ সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল দোয়েল পাখি-১ লঞ্চে যাত্রীর স্বর্ণালংকার ও টাকাসহ ব্যাগ চুরি মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত ভান্ডারিয়ায় বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা
ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই এ আয়োজনের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলার মধ্যে মেলার প্রস্তুতি শুরু হওয়ায় শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আজ বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ পরীক্ষা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর একই বিদ্যালয়ে শুরু হবে বৃত্তি পরীক্ষা। এর মধ্যেই মাঠের চারপাশে টিনের বেড়া দিয়ে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। চলছে স্টল তৈরির কাজ। মেলার প্রস্তুতির কারণে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক—শিক্ষার্থীদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। বন্ধ রয়েছে মাঠে খেলাধুলাও।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সুহান বলে, ‘মাঠে বাণিজ্য মেলার আয়োজন করায় খেলতে পারছি না। এর আগেও মেলা হয়েছিল। প্রায় এক বছর আগে আমার ভাই সাদ ওই মাঠে খেলতে গিয়ে পায়ে পেরেক ফুটিয়েছিল। তাই মাঠে মেলা বন্ধ চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান বলেন, মেলা আয়োজনের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাঁর কাছে মতামত জানতে চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার পর বৃত্তি পরীক্ষা রয়েছে। এ ছাড়া মেলা হলে শব্দদূষণ ও ময়লা—আবর্জনার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই তিনি স্কুল মাঠে মেলার আয়োজনের পক্ষে নন।

মেলা আয়োজকদের পক্ষে কাজ করা হান্নান নামের এক ব্যক্তি জানান, গত ১০—১২ দিন ধরে মাঠে প্রস্তুতির কাজ চলছে। সেখানে প্রায় ৭০টি স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের দিকে মেলা উদ্বোধন হতে পারে।

জানা গেছে, আবদুর রশিদের মালিকানাধীন ‘মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স’ মেলার আয়োজন করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান দাবি করেন, ১৬ ডিসেম্বরের পর মেলা আয়োজনের বিষয়ে প্রশাসনের সম্মতি পাওয়া গেছে। তবে জেলা প্রশাসনের দাবি, তারা কোনো অনুমোদন দেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটি শিক্ষার্থীদের একমাত্র খেলার জায়গা। এর চারপাশে ওয়াকওয়ে থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ সেখানে হাঁটতে আসেন। শিশুদের খেলার সরঞ্জাম, শহীদ মিনার ও সুইমিং পুল থাকায় মাঠটি এলাকার মানুষের কাছেও গুরুত্বপূর্ণ।

এদিকে, ২০২৪ সালের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনসংক্রান্ত নীতিমালার ৫ নম্বর পরিপত্রের (চ) ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলা আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।

ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, মেলা আয়োজনের জন্য চেম্বারের অনুমোদন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি প্রয়োজন। তবে এ বিষয়ে তাঁর কাছে কেউ আবেদন করেননি।

ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার বলেন, জেলা প্রশাসকের চাওয়া অনুযায়ী পুলিশ প্রতিবেদন দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসক নেবেন।

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, স্কুল মাঠে মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের সেখানে মেলা না করার জন্য বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost