, , ,
শিরোনাম
রাজাপুরে ইয়াবাসহ যুবকের দেড় বছরের কারাদণ্ড কাউখালীতে নারী ও শিশু নির্যাতনবিরোধী সংবাদ সম্মেলনে অপরাধীদের বয়কটের আহ্বান নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ৮৫০ জনের বিরুদ্ধে মামলা চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন দুদিনে ৪ সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল দোয়েল পাখি-১ লঞ্চে যাত্রীর স্বর্ণালংকার ও টাকাসহ ব্যাগ চুরি মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত ভান্ডারিয়ায় বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা
বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল

বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রগুনার পাথরঘাটায় বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের এক বোয়াল মাছ। আজ বুধবার সকালে পাথরঘাটা বাজারে মাছটি প্রতি কেজি এক হাজার টাকা দরে মোট ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। পরে স্থানীয় ‘শাহজাহান মিয়ার হোটেল’ কর্তৃপক্ষ মাছটি কিনে নেয়।

রুপালি জলের এই বিশাল মাছটি একনজর দেখতে সকাল থেকেই পাথরঘাটা বাজারে ভিড় জমান উৎসুক জনতা। মাছটি হোটেলে নেওয়ার পর সেখানেও ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে।

জেলেরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বলেশ্বর নদের তীরে স্থানীয়ভাবে পরিচিত ‘ঘোপ জাল’ বা ‘ব্যার জাল’ পেতে অপেক্ষায় ছিলেন জেলে ইয়াকুব মিয়া ও তাঁর সঙ্গীরা। রাতভর নিস্তব্ধ নদীতে অপেক্ষার পর আজ সকাল ৮টার দিকে জাল টেনে তুলতেই তাঁদের চোখ আটকে যায় বিশালাকৃতির এই বোয়ালে।

জেলে ইয়াকুব মিয়া বলেন, ‘জাল টানার সময়ই বুঝেছিলাম বড় কিছু আটকা পড়েছে। কিন্তু এত বিশাল বোয়াল দেখে শুরুতে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। পরে মাছটি বাজারে নিয়ে আসি। ভালো দামে বিক্রি করতে পেরে আমরা সবাই ভীষণ খুশি।’

মাছটি কিনে নেওয়া শাহজাহান মিয়ার হোটেলের পরিচালক মো. ইউসুফ মিয়া বলেন, ‘বাজারে মাছটি ঘিরে মানুষের উপচে পড়া ভিড় দেখে আমরাও আগ্রহী হই। পরে মাছটি কিনে হোটেলে নিয়ে আসি। এই বোয়ালের স্বাদ নিতে ইতিমধ্যেই ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।’

হোটেলটির ব্যবস্থাপক শহিদুল আলম রিপন (৪৬) তাঁর দীর্ঘ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘২৫ বছরের ব্যবসায়িক জীবনে এর আগে ২৫ থেকে ৩০ কেজি ওজনের পাঙ্গাশ ও কোরাল মাছ রান্না করে বিক্রি করেছি। এ ছাড়া ৮ থেকে ১০ কেজি ওজনের বোয়ালও পেয়েছি। তবে ২০ কেজি ওজনের বোয়াল মাছ এই প্রথম দেখলাম।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost