
বরিশালের হিজলা উপজেলায় ২০২৬—২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
খেসারি, মুগ, সয়াবিন ও সূর্যমুখী (ক্লাস্টার) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিজলার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। বিশেষ করে রবি মৌসুমে ডাল ও তেলজাতীয় ফসলের আবাদ বাড়ানোর মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি পতিত জমিও চাষাবাদের আওতায় আসবে।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।