
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিরচর খাজুরিয়া ইউনিয়নের মধ্যেরচর গ্রামে পরকীয়া সম্পর্কের অভিযোগে কাশেম বয়াতি ও ছালমা বেগম নামে এক নারী ও এক পুরুষকে আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাশেম বয়াতি (পিতা: ইসলাম বয়াতি) ও ছালমা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলে আসছিল। ছালমা বেগমের স্বামী প্রবাসে থাকার সুযোগে তাদের মধ্যে এ সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন কাশেম বয়াতি ছালমা বেগমের বাড়িতে প্রবেশ করেন। পরে স্থানীয়রা ওই ঘরের ভেতরে খাটের ওপর দুজনকে একসঙ্গে দেখতে পান। এ সময় তারা দুজনকে আটক করেন।
এ বিষয়ে ছালমা বেগম বলেন, ‘কাশেম বয়াতি আমার বাসায় কোন ফাঁকে ঢুকেছে, তা আমি জানি না। হঠাৎ করে আমার বাসায় লোকজন এসে আমাদের আটক করে।’
অন্যদিকে, কাশেম বয়াতি ছালমা বেগমের বাসায় প্রবেশের বিষয়টি স্বীকার করলেও কী কারণে সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে কোনো উত্তর দেননি।
তবে স্থানীয়দের অভিযোগ ও আটক ব্যক্তিদের বক্তব্যে ঘটনার বিষয়ে ভিন্নতা দেখা গেছে। এ ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।