
শীতের মৌসুম শুরু হতেই বরিশালের বিভিন্ন হাটবাজারে বেড়েছে শীতকালীন প্রসাধনীর চাহিদা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের বিভিন্ন বাজারে ভারতীয় ও দেশি—বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়ক নকল করে মানহীন প্রসাধনী বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি শিশুদের ত্বকের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা।
অভিযোগ রয়েছে, উপজেলার বড় বড় শপিং মল থেকে শুরু করে গ্রামগঞ্জের বিভিন্ন কসমেটিকসের দোকানেও এসব প্রসাধনী বিক্রি হচ্ছে। ভ্যাসলিন, লোশন, অলিভ অয়েল, ক্রিমসহ শিশুদের ব্যবহারের বিভিন্ন প্রসাধনীর প্যাকেট, লোগো ও ডিজাইন নামিদামি ব্র্যান্ডের আদলে তৈরি করা হচ্ছে। কিছু পণ্যের মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানচিহ্ন কিংবা প্রয়োজনীয় অনুমোদনের তথ্য না থাকার অভিযোগও রয়েছে।
ক্রেতাদের দাবি, আসল পণ্যের পাশাপাশি একই রকম মোড়ক ও লোগো ব্যবহার করা নকল পণ্য সাজিয়ে রাখা হচ্ছে দোকানে। ফলে সাধারণ ক্রেতাদের পক্ষে আসল ও নকল পণ্য চেনা কঠিন হয়ে পড়েছে। পরিচিত ব্র্যান্ডের পণ্য মনে করে কেনার পর বাড়িতে গিয়ে অনেকেই পণ্যের মান ও গুণগত বৈশিষ্ট্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কোনো কোনো ক্ষেত্রে পণ্যের উৎপত্তি সম্পর্কেও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাংলাদেশি কিংবা ভারতীয় পণ্য হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে।
ক্রেতা শহীদ বলেন, বাজারে একই ব্র্যান্ডের দেখতে হুবহু একাধিক পণ্য পাওয়া যাচ্ছে। সাধারণ ক্রেতাদের পক্ষে কোনটি আসল আর কোনটি নকল, তা বোঝা কঠিন। পরিচিত ব্র্যান্ডের পণ্য মনে করে কেনার পরও অনেক সময় মান নিয়ে সন্দেহ তৈরি হয়। এ কারণে বাজার তদারকি বাড়ানো জরুরি।
আরেক ক্রেতা বাবুল বলেন, শিশুদের শীতকালীন প্রসাধনী কেনার ক্ষেত্রেও এখন উদ্বেগ কাজ করছে। শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল। অথচ আসল পণ্যের সঙ্গে নকল পণ্য মিশিয়ে বিক্রি করা হলে ক্রেতারা সহজেই প্রতারিত হতে পারেন। তাই পণ্যের মান, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উৎপত্তির তথ্য যাচাই করে বিক্রির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খুচরা বিক্রেতাদেরও সচেতন হওয়া প্রয়োজন।
এদিকে শিশুদের প্রসাধনী ব্যবহারের পর ত্বকে বিরূপ প্রতিক্রিয়ার অভিযোগও পাওয়া গেছে। ক্রেতা শিমুল জানান, শিশুর জন্য একটি ক্রিম কেনার পর সেটি ব্যবহারে ত্বকে লালচে দাগ দেখা দেয় এবং ফোড়ার মতো ছোট ছোট দানা ওঠে। এতে শিশুটির পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে ব্যবহৃত ক্রিমটি নকল ছিল কি না কিংবা ত্বকের এমন প্রতিক্রিয়ার সঙ্গে পণ্যটির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
সংশ্লিষ্টদের মতে, কোনো পণ্যের মোড়কে পরিচিত প্রতিষ্ঠানের নাম কিংবা লোগো থাকলেই সেটি আসল হওয়ার নিশ্চয়তা নেই। তাই প্রসাধনী কেনার আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচয়, আমদানিকারকের তথ্য, উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, বাজারে নকল প্রসাধনী বিক্রির বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো যাচাই—বাছাই ও ল্যাব টেস্ট ছাড়া এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে এবং কেউ অধিদপ্তরে লিখিত বা যথাযথভাবে অভিযোগ জানালে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন ক্রেতাদের দাবি, শুধু খুচরা দোকানে অভিযান পরিচালনা করলেই হবে না, নকল প্রসাধনীর উৎস ও সরবরাহব্যবস্থাও খতিয়ে দেখতে হবে। কোথা থেকে এসব পণ্য আসছে, কারা সরবরাহ করছে এবং কারা বাজারজাতের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের বিভিন্ন বাজারে নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।