
বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ মেলেনি। অবশেষে মাছের ঘেরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মহসিন মল্লিক বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এরপর ২৬ নভেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরে বাবুর মরদেহ ভাসতে দেখেন তার মামা শাহিন মল্লিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ হওয়ার দুই দিন পর মাছের ঘের থেকে কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ২৭ নভেম্বর উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।