
নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) অধীনে বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ পরীক্ষায় বিভাগের ১৮৬টি কেন্দ্রে ৬ শতাধিক মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে শনিবার বরিশাল নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. রফিউদ্দীন নজরুল।
পরিদর্শনকালে তিনি নগরীর বসুন্ধরা হাউজিংয়ের তাজকাঠী এলাকায় অবস্থিত বোর্ডের বিভাগীয় কার্যালয়ের কেন্দ্র তাজকাঠী নূরানী মাদ্রাসাসহ জাগুয়া নূরানী মাদ্রাসা, আল ফালাহ নূরানী মাদ্রাসা, হাজী আব্দুল গণী নূরানী মাদ্রাসা, সিকদারপাড়া নূরানী মাদ্রাসা, নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা, কাশিপুর তেঁতুলতলা মদিনাতুল মুছলিহীন মাদ্রাসা এবং জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য মাওলানা মো. হোসাইন আহমেদ উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. রফিউদ্দীন নজরুল বলেন, নূরানী শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রতিবছর এ সমাপনী পরীক্ষার আয়োজন করা হয়। বরিশাল বিভাগের ১৮৬টি কেন্দ্রে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ এ অঞ্চলে নূরানী শিক্ষার ব্যাপক প্রসারেরই প্রতিফলন। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির উপদেষ্টা ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো. রফিকুল ইসলাম এবং ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আব্দুল কাদের কাসেমী জানান, নূরানী শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে এ সমাপনী পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি প্রাথমিক ধর্মীয় শিক্ষার ভিত্তি আরও সুদৃঢ় হচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর বরিশাল বিভাগের ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে ৬ শতাধিক মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ৪ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। একই মাসে পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং নূরানী শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।