, , ,
শিরোনাম
বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী! আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি কাউখালীতে দেশীয় মাছের চরম আকাল: সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিম্নআয়ের ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য ।ফ্যামিলি কার্ডের বরাদ্দ কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান ঘুষ না দেওয়ায় শিশুসহ ৬ জন জেলে, বাড়িতে আগুন: মুলাদীর ওসি-এসআইয়ের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ৪ গুরুতর আহত ১ ঢাকায় প্রেরণ গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ মুলাদীতে দরজা ভেঙে ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার।
কাউখালীতে দেশীয় মাছের চরম আকাল: সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে

কাউখালীতে দেশীয় মাছের চরম আকাল: সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের চরম আকাল দেখা দিয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। হাট-বাজারে দেশীয় মাছের সরবরাহ তলানিতে নামায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে এসব মাছ। একসময় যেসব মাছ ছিল গ্রামীণ জনপদের দৈনন্দিন খাদ্যতালিকার নিয়মিত অনুষঙ্গ, তা এখন অনেকটাই ‘সোনার হরিণ ,এ পরিণত হয়েছে। এতে করে চিরায়ত ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচিতি এখন কেবল কথার কথা ও স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, দেশীয় মাছের নাম শুনলেই অনেকের মুখে জল এলেও বাস্তবে বাজারে সেসব মাছের দেখা মিলছে না। বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা পাঠ্যবইয়ে বিভিন্ন দেশীয় মাছের নাম ও বিবরণ পড়লেও বাস্তবে সেগুলো দেখার ও চেনার সুযোগ পাচ্ছে না। কোন মাছের কী নাম, তা-ও অনেক কিশোর-তরুণ বলতে পারছে না।

স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় কাউখালীসহ উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে নানা কৌশলে মাছ ধরতেন। কাজলী, রুই, কাতলা, মৃগেল, ভেদা, তপশী বোয়াল, চিতল, মাগুর, শিং, শোল, গজার, পাবদা, কৈ, টেংরা, পুঁটি, টাকি, চিংড়ি, মলা-ঢেলা, খলিশা ও কাচকিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাছ দেশের বিভিন্ন অঞ্চলেও পাঠানো হতো।

সংশ্লিষ্টদের মতে, জলাশয় ও খাল-বিল ভরাট, নদনদীর নাব্যতা কমে যাওয়া, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের অবাধ ব্যবহার এবং পোনা মাছ নিধন দেশীয় মাছের সংকটকে তীব্র করেছে। পাশাপাশি কৃষিজমিতে মাত্রাতিরিক্ত ও নিয়মবহির্ভূত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার, জলবায়ুর বিরূপ প্রভাব, জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ও দেশীয় মাছের প্রজনন ও বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কাউখালীর মাছ ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, বর্ষাকালে কিছু দেশীয় ছোট-বড় মাছ বাজারে আসে, তবে বর্ষা শেষ হতেই সংকট প্রকট হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সারা বছরই দেশীয় মাছ চড়া দামে বিক্রি হয়, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকে।

এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অবৈধ জালের ব্যবহার, জলাশয় ভরাট এবং ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও বংশবিস্তারে আমরা নিয়মিত অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করছি। পাশাপাশি উপজেলায় অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের সচেতন করতে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে মা ও পোনা মাছ নিধন বন্ধে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost