, , ,
শিরোনাম
বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী! আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি কাউখালীতে দেশীয় মাছের চরম আকাল: সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিম্নআয়ের ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য ।ফ্যামিলি কার্ডের বরাদ্দ কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান ঘুষ না দেওয়ায় শিশুসহ ৬ জন জেলে, বাড়িতে আগুন: মুলাদীর ওসি-এসআইয়ের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ৪ গুরুতর আহত ১ ঢাকায় প্রেরণ গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ মুলাদীতে দরজা ভেঙে ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার।
ঘুষ না দেওয়ায় শিশুসহ ৬ জন জেলে, বাড়িতে আগুন: মুলাদীর ওসি-এসআইয়ের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

ঘুষ না দেওয়ায় শিশুসহ ৬ জন জেলে, বাড়িতে আগুন: মুলাদীর ওসি-এসআইয়ের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মামলা নেওয়ার বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ না পেয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের ৬ জনকে, এমনকি ১৮ মাসের এক শিশুকেও জেলে পাঠানোর অভিযোগ উঠেছে বরিশালের মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা ও এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় আইজিপির কমপ্লেইন মনিটরিং সেল ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোসাঃ নাসরিন আক্তার। তবে ওসি সোহেল রানা অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগপত্রে নাসরিন দাবি করেন, মুলাদীর চরখালেখা ইউনিয়নের পূর্ব ঘোলঘর গ্রামের বাসিন্দা তাঁর স্বামী জয়নাল আবেদীন ঢাকার কেরানীগঞ্জে ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন, কোনো পদেও নেই।

নাসরিনের দাবি, মুলাদী থানার সাবেক ওসি জহিরুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য চাপ প্রয়োগ করে তাঁর স্বামীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১ লাখ টাকা নেন। এ নিয়ে ২১ মে ২০২৬ তারিখে আইজিপির কাছে অভিযোগ করেন জয়নাল। নাসরিনের অভিযোগ, এরপর থেকেই বর্তমান ওসি সোহেল রানা তাঁদের ওপর ক্ষিপ্ত হন।

অভিযোগ অনুযায়ী, ২৪ জুন দুষ্কৃতিকারীরা জমির ফসল কেটে নিলে জয়নাল বরিশাল আদালতে মামলা (পিটিশন মামলা নং ৮৪৫/২০২৬) করেন। আদালতের নিষেধাজ্ঞার কাগজ ওসিকে জানাতে থানায় গেলে তাঁকে আটক করা হয় এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১ নম্বর আসামি দেখিয়ে চালান করা হয়, এমনটাই দাবি নাসরিনের। তিনি বলেন, ঘটনার দিন তাঁর স্বামী ঢাকায় ছিলেন, অথচ ঘটনাস্থল দেখানো হয়েছে নাজিরপুর ইউনিয়নে। পরে জামিনে মুক্তি পান জয়নাল।

নাসরিনের ভাষ্য, ১১ অক্টোবর সকাল ৭টায় ২০/৩০ জন সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালিয়ে শারীরিক নির্যাতন করে। ৯৯৯-এ ফোন করলে এসআই মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের সঙ্গেই “তাল মিলিয়ে কথা বলেন” বলে অভিযোগ। সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর এসপির নির্দেশে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। নাসরিনের অভিযোগ, সেখানে ওসি সোহেল রানা মামলা নেওয়ার শর্তে ২ লাখ টাকা দাবি করেন।

টাকা দিতে অপারগতা জানালে তাঁদের মামলা না নিয়ে উল্টো মুলাদী থানার মামলা নং ১১(১০)২৬ দিয়ে ১৮ মাসের নবজাতক শিশুসহ পরিবারের ৬ জনকে জেলহাজতে পাঠানো হয়, অভিযোগ নাসরিনের। জেল থেকে বের হয়ে আবার মামলা করতে গেলে ফের ২ লাখ টাকা চাওয়া হয় বলেও দাবি করেন তিনি। পরে তিনি বরিশাল আদালতে সিআর মামলা (নং ৩৮০/২৬) করেন, যা বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন।

অভিযোগপত্র অনুযায়ী, ১৩ নভেম্বর (শুক্রবার) রাত ১টা ৩০ মিনিটে সন্ত্রাসীরা পেট্রোল ও কেরোসিন ঢেলে তাঁদের বাড়িতে আগুন দেয়। এর আগে ৭টি সিসি ক্যামেরাসহ জানালার কাচ ভেঙে সবকিছু লুট করা হয়। নাসরিনের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। তাঁর অভিযোগ, ওসি ও এসআইয়ের নির্দেশেই এই অগ্নিসংযোগ করা হয়েছে।

নাসরিন সবচেয়ে গুরুতর প্রশ্নটি তুলেছেন এখানেই। তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া ১১(১০)২৬ মামলার তদন্তকর্মকর্তা করা হয়েছে এসআই মনির হোসেনকেই, যাঁর বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন। তাঁর প্রশ্ন, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ থাকা অবস্থায় একজন কর্মকর্তা নিরপেক্ষ তদন্ত করবেন কীভাবে?

তিনি মামলাটি অন্য সংস্থা দিয়ে তদন্ত এবং ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে তিনি আরও দাবি করেন, এলাকার নিরীহ মানুষকে আওয়ামী লীগের সন্ত্রাসী তকমা দিয়ে মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

অভিযোগপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, ডিআইজি (বরিশাল রেঞ্জ) ও জাতীয় মানবাধিকার কমিশনেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি সোহেল রানা বলেন, “আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নেইনি। তিনি যেসব অভিযোগ করেছেন, সব মিথ্যা।” অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসআই মনির হোসেনের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost