বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সাধারণ টয়লেট নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয়ের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা—সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, একটি ছাপার ভুলের (প্রিন্টিং মিস্টেক) কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বাস্তবে এর নির্মাণ ব্যয় প্রায় দুই লাখ টাকা।
জানা যায়, উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে ইদু হাওলাদার বাড়ির সামনে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪—২৫ অর্থবছরে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। নির্মাণ শেষে টয়লেটের দেয়ালে স্থাপিত নামফলকে ব্যয় লেখা হয় ১,৯৯,৯৯৯,৯৩ যা স্বাভাবিকভাবে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা মনে হয়।
একটি ছোট অবকাঠামোর জন্য এমন ব্যয়ের অঙ্ক দেখে স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দেয়। পরে কয়েকজন যুবক বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
অনলাইনে অনেকেই এটিকে দুর্নীতির বড় উদাহরণ হিসেবে আখ্যা দেন। কেউ কেউ ব্যঙ্গ—বিদ্রূপের মাধ্যমে তাদের প্রতিক্রিয়াও জানান। এতে বিষয়টি দ্রুত জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। স্থানীয়দের দাবি, বিষয়টি অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সরেজমিন খোঁজখবর ও সংশ্লিষ্ট দফতরের বক্তব্যে জানা গেছে, প্রকল্পটির প্রকৃত ব্যয় প্রায় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯৩ পয়সা (১,৯৯,৯৯৯.৯৩)। নামফলক তৈরির সময় ভুলবশত দশমিকের স্থলে কমা দেয়ায় এই অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, ‘নামফলকে উল্লেখিত ব্যয়ের অঙ্ক দেখে আমরাও বিস্মিত হয়েছিলাম। পরে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে প্রকৃত তথ্য জানতে পারি।’
বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, এটি সম্পূর্ণ প্রিন্টিংজনিত ভুল। বিষয়টি জানার পর সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও একই ব্যাখ্যা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনিচ্ছাকৃত এই ভুলের কারণে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হয়েছে, যা দ্রুত ঠিক করা হচ্ছে।
Leave a Reply