বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
পটুয়াখালী শহরে হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাহার খান, একই এলাকার কবির হোসেন এবং যুবলীগ নেতা রাসেল তালুকদার।
মঙ্গলবার (১২ মে) রাতে পটুয়াখালী শহরের বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পটুয়াখালী সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের মাধ্যমে ওই ওষুধ ব্যবসায়ীকে ফাঁদে ফেলে। পরে আপত্তিকর পরিস্থিতির ভয় দেখিয়ে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়ে ধাপে ধাপে প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে চক্রটি আরও বড় অঙ্কের টাকা দাবি করলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইলিং সংক্রান্ত বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চক্রটি একই কৌশলে একজন চাকরিজীবীর কাছ থেকেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।