
পটুয়াখালীর কলাপাড়া—কুয়াকাটা মহাসড়কে বান্দ্রা নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার বাইরে পড়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা হলেন মো. কালাম (৪২), সজীব (২৬), রাবেয়া (২৩), নিজাম (৪০), বেল্লাল (২৯), আকাশ (২৬), নাজমুল (২১), ইসমাইল (২৮), মোছা. সালমা বেগম (৩২), নাজমুল (২৩), তাসফী (৩৫), সাকুর (৩২), এনামুল (৩৩), সোবাহান (৪০), ইমরান (২৪), এনায়েত (৪০), কাওসার (২১) ও নাসিমা (২২)। আহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই চালকসহ তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ড্রাইভারের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তখন হেলপার দিয়ে গাড়ি চালিয়েছে। এরা কুয়াকাটায় বিচ কার্নিভাল উপভোগের জন্য কুয়াকাটায় আসছিল।তারা সবাই পর্যটক।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, এদের প্রত্যেকেই বিভিন্নভাবে আহত হয়েছেন, সাধ্যমতো তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যাঁদের বেশি ইনজুরি হয়েছে, তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।