মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
বরিশাল নগরীর পলাশপুরে মাছ ব্যবসায়ী জসীম সিকদার বাবু (৩০) হত্যা মামলার প্রধান আসামি মধু ওরফে টোকাই মধুকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশের একটি টিম।
সোমবার (১৮ মে) নগরীর টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ।
উল্লেখ্য যে শুক্রবার ১৫(মে) ভোর রাতে ফজরের নামাজের আগে কয়েকজন যুবক বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নাঈম হোসেন অভিযোগ করেন, স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মধুর নেতৃত্বে রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, “বরিশাল নগরীর টিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে বাবু হত্যা মামলার প্রধান আসামি মধুকে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”