, , ,
ডিসেম্বরকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা: জহির উদ্দিন স্বপন

ডিসেম্বরকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা: জহির উদ্দিন স্বপন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল—১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসকে আমাদের দলের পক্ষ থেকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের যে পরিকল্পনা তা জনগণের সামনে তুলে ধরব। সাংগঠনিক যে সমস্ত আলাপ আলোচনা করব সেই আলোচনা—পরামর্শ মোতাবেক নেতাকর্মীদের চলতে হবে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের আইনকে অমান্য করে বাইরে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশে একটি তাণ্ডব সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ থেকে যারা পালায়নি তাদের এক ধরনের তাণ্ডব আমরা লক্ষ্য করছি। যদিও এটি গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মধ্যেই সীমাবদ্ধ। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে টঙ্গীপাড়ার বাইরে যাওয়ার ভিত্তি রাখে না। কিন্তু একই সঙ্গে আমাদের বুঝতে হবে, দেশে থাকা সন্ত্রাসীরা আমাদের জন্য হুমকি হতে পারে।

তিনি আরও বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী আগৈলঝাড়া গড়ার অঙ্গীকার নিয়ে আমি জনগণের কাছে ভোট চেয়েছি। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাদের কাছে দেওয়া ওয়াদা আমাকে রক্ষা করতেই হবে। দলের ভেতরে কেউ যদি সন্ত্রাসে লিপ্ত হন, অভিভাবক হিসেবে প্রথমে তাকে বোঝাব ও তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করব। যদি কাজ না হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ অনেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost