সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় জেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ মধ্যরাতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রেণু পোনা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার (২৩ মে) রাত ২টার দিকে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আগৈলঝাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (SUFO) এবং কোস্টগার্ড কর্মকর্তা আমজাদ হোসেন (CC)।
অভিযানকালে ৩৬ ড্রাম অবৈধ রেণু পোনা জব্দ করা হয়। পরে সোমবার সকালে জব্দকৃত রেণু পোনাগুলো ছয়গ্রাম খাল (সন্ধ্যা নদীর রত্নপুর অংশ) ও আগৈলঝাড়া পয়সারহাট খালে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিক মল্লিক। তিনি নিজ উপস্থিতিতে রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে অবৈধভাবে রেণু পোনা আহরণ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অবৈধভাবে রেণু পোনা ধরা ও বিক্রি বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।