বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ: শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। দুই মহাসড়কে যান চলাচল এখন বন্ধ রয়েছে।
আজ সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় শিক্ষার্থীরা অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে শিক্ষার্থীদের অবরোধ চলছে। বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পুলিশ তাঁদের বাধা দিয়েছে।
উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক শিক্ষার্থীরা সকাল থেকে অবরোধ করেছেন। উত্তরা ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। দুপুরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল টিএসসির দিকে যান। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।
ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন।
শিক্ষার্থীরা এ সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’– এরকম নানা স্লোগান দেন।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি যেই ছয়টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন ছিল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্ন করা হয়েছে। এখন আমি যদি ফেল করি এর দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন? তিনি তো নেবেন না।’
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার রব্বানী হোসেন গণমাধ্যমকে বলেন ,শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছে। এখন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বগুড়ায় বিক্ষোভ–সমাবেশ : বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা ১১ টার দিকে তারা মহানগরীর সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি নগরীর সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়।কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করা হয়। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।
বরিশাল বিক্ষোভ: দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা—বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, রংপুর জিলা স্কুলসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।