
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার জন্য এক কোটি টাকায় ভাড়া করা হয়েছিল সন্ত্রাসী বাহিনী। হামলার পরিকল্পনা ও অর্থের লেনদেনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনাক্ত হয়েছেন শতাধিক হামলাকারীও। তবে ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও হামলার অন্যতম সমন্বয়ক ভাষানটেকের যুবরাজকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দফার হামলার মামলায় গ্রেপ্তার ১১ আসামির আটজনই জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যেই প্রকল্পটিতে তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তির অভিযোগ করেছেন প্রকল্পের মালিক।
তদন্ত—সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে হামলার পরিকল্পনা করেন ১৩ জন। সেখানে মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের সঙ্গে এক কোটি টাকার চুক্তি হয় যুবরাজের। হামলার জন্য লোকবল সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনি। তবে ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাবলিগ জামাতে গিয়ে আগে থেকেই শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয়েছিল হামলার পরিকল্পনায় নাম আসা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর। এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনিও জামিনে মুক্তি পেয়েছেন।
ওই রাতেই নিউগিনি প্রপার্টিজের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিও। এ ঘটনায় প্রকল্পের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূইয়া বাদী হয়ে মামলা করেন।
তদন্ত—সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকল্পসংলগ্ন ৩৫ কাঠা জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলার পরিকল্পনা করা হয়। ওই জমিতে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীরও মালিকানা রয়েছে। সেখানে একটি কন্ডোমিনিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের।
কিন্তু জমি থেকে সরাসরি বের হওয়ার রাস্তা না থাকায় নিউগিনি প্রকল্পের মূল ফটক ভেঙে ভেতরের রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়। এ জন্য শাহরিয়ার মাহমুদকে দেওয়া হয় হামলার দায়িত্ব। বিনিময়ে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট উপহার, নগদ এক কোটি টাকা এবং ইট—বালু সরবরাহের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন বলেন, হামলায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে।
একই প্রকল্পে গত ৭ নভেম্বর দ্বিতীয় দফায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দিনই ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হামলার ১৩ দিন পর, গত ২০ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম।
মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আবুল কাশেম, মো. ওয়াসিম, মো. বাবুল হোসেন, নূর আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, মোহাম্মদ শাহিনুজ্জামান, তাজুল ইসলাম বাবু, রাশেদ আলী, মো. রনি, মো. মহিউদ্দিন, হোসাইন ফাহমিদ, মাসুদুর রহমান, আ. হালিম, মো. হাসান, সজিব, মো. আজাদুর ইসলাম, দুলাল হোসেন, নুর নাহার, কুলসুম ও শাহনাজ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নাজিম উদ্দিনের সঙ্গে নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। নুর মোহাম্মদ লোকজন নিয়ে প্রকল্পে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। কিছু লোককে বাদ দিয়ে প্রকল্পের মালিক নাজিম উদ্দিনকে মামলা করতে বলা হলেও তিনি মামলা করেননি।
একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকল্পের মালিক নাজিম উদ্দিন। তার অভিযোগ, প্রকল্পে তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করা হয়েছে।
নাজিম উদ্দিন বলেন, ‘পরিস্থিতি ভালো না। তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে। আমি প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে আছি।’