
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উৎসবমুখর পরিবেশে ‘কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে।
‘মাদক থেকে দূরে থাকি, খেলাধুলার সাথে থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে ভাণ্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে স্থানীয় থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।
রোমাঞ্চকর ফাইনাল খেলায় দক্ষিণ শিয়ালকাঠী যুব সংঘকে পরাজিত করে পৌরসভা জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর রায়, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ও কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. শামীম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, সম্প্রীতি ও পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।