
ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— মো. শাহিনের মেয়ে মোসা. মাহা (৮) এবং আব্দুল গনির মেয়ে তানহা আক্তার (৯)। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে যায়। তাদের সন্দেহ, পুকুরের ঘাটলা থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। একপর্যায়ে তানহার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও নিকটাত্মীয়রা পুকুর থেকে মাহার মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।