
বরগুনায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. সফিকুল ইসলাম নাজমুল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যে বরগুনা সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদর রোডে নদীবন্দরের সামনে মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফিকুল ইসলাম নাজমুল বরগুনার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল মালেক হাওলাদার এবং মায়ের নাম খাদিজা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে একটি বাজারের ব্যাগে নীল রঙের পলিপ্যাকে স্কচটেপ দিয়ে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা।
এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি Itel Vision 3 মোবাইল ফোন ও একটি Nokia বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।