
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৯ হাজার ৯১০ টাকা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এ সময় মো. রিয়াজ হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রিয়াজ হাওলাদার উজিরপুর থানার মাহার গ্রামের মৃত শাহাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উজিরপুর থানাধীন ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাহার এলাকার মিনহাজ হাওলাদার বাড়ির রিয়াজের বসতঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একজন অবস্থান করছে।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআরবি-৮, বরিশাল সদর কোম্পানির একটি আভিযানিক দল রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালিয়ে রিয়াজ হাওলাদারকে গ্রেপ্তার করে।
এসআরবি জানায়, শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার রিয়াজের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্জিত নগদ ৫৯ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
পরে জব্দ করা মাদক ও টাকা এবং গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।