বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়, বরিশালের আয়োজনে ২০২৫—২০২৬ অর্থবছরের “অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক কর্মসূচির আওতায় সোমবার (২৯ জুন) সকাল ১১টায় সমাজসেবা ভবনের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ—সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, “এই ১৫ দিনের প্রশিক্ষণে আপনারা শুধু একটি কাজ শিখবেন না, বরং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মূলমন্ত্র অর্জন করবেন। সরকার অনগ্রসর জনগোষ্ঠীকে প্রথাগত ও ঝুঁকিপূর্ণ পেশা থেকে বের করে এনে মেধা ও দক্ষতার ভিত্তিতে ঘরে বসে আয়ের সুযোগ তৈরি করতে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।”
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা অংশগ্রহণকারীদের সমাজে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে সহায়তা করবে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণ শেষে সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়া হবে, তা কাজে লাগিয়ে ব্যবসা বা উৎপাদনমুখী কার্যক্রম শুরু করারও পরামর্শ দেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. আক্তারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।