
নেত্রকোনা সদর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব—১৪। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র্যাব—১৪—এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মহিষারন—অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার রিপন মিয়া নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি তরুণী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—১৪ সদর কোম্পানি ময়মনসিংহের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী (১৫) ও অভিযুক্ত একই এলাকার প্রতিবেশী। অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর হওয়ায় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৩০ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে জরুরি কথা বলার কথা বলে মগড়া নদীর উত্তর পাড়ে ডেকে নিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)—এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই র্যাবের গোয়েন্দা দল অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়াতদন্ত ও নজরদারি চালিয়ে আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।