
বরগুনার বামনায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের ১ নম্বর কালিকাবাড়ী ওয়ার্ডের তুলাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই মো. শহীদুল ইসলাম, এসআই মো. আবদুর রহমান রনি, এএসআই হাসান, এএসআই জামাল, এএসআই নাসিরসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কালিকাবাড়ী গ্রামের তুলাতলা এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে মফিজুল ইসলাম ওরফে সুমনকে আটক করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সুমন তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত সাক্ষী পনু জমাদার ও সিদ্দিক জমাদারের সামনে আটক ব্যক্তির পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়া হয় বলে দাবি পুলিশের। পরে এসআই মো. শহীদুল ইসলাম জব্দ তালিকা প্রস্তুত করেন।
আটক মফিজুল ইসলাম ওরফে সুমন বামনা উপজেলার কাটাখালী গ্রামের মো. মতিউর রহমান জমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান বলেন, “মাদকের বিরুদ্ধে বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
বামনা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।