
পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন মৃধা (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের Honda Hornet মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী টোলপ্লাজার উত্তর পাশে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার এসআই মো. সজিব হোসেন লেবুখালী টোলপ্লাজায় রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
একপর্যায়ে সন্দেহভাজন একটি কালো রঙের Honda Hornet মোটরসাইকেল থামিয়ে চালকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তার আল আমিন মৃধা যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত আবু বক্কর মৃধার ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১০৯।