
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া একটি ইউনিয়ন পরিষদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটে। রাত পৌনে দুইটার দিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদে এবং আড়াইটার দিকে কবিরাজবাড়ীতে এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ীতে আগুন লেগে সেখানে থাকা মোস্তফা মাঝির ৫টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে মুদি মনোহরী, পার্টস ও গ্যারেজের দোকান। আগুনের খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির মোল্লা জানান, রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের হলরুমে আগুন দেওয়ার চেষ্টা করে।
এতে সেখানে রাখা টিসিবি পণ্য ক্ষতিগ্রস্ত হয় এবং হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে যায়।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।
তবে কবিরাজবাড়ীতে কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে তারা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।