
বরিশালে নিখোঁজ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান এখনো পাওয়া যায়নি। গত মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর আলেকান্দা–আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করতে পেরেছে পুলিশ। এর আগে ইসলামী ব্যাংক থেকে ৫ হাজার টাকা তুলে রিকশাযোগে আমতলার দিকে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শেখ ফারহান নাদিম বরিশালের উজিরপুর উপজেলা সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সরকারি বাসভবনে পরিবারের সঙ্গে থাকেন।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন।
বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে বিচারক নিখোঁজ থাকার বিষয়ে থানায় জিডি করা হয়। পুলিশ নিজস্ব কৌশলে তাঁর সন্ধানে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর আলেকান্দা–আমতলা এলাকায় বিচারক নাদিমের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি ইসলামী ব্যাংক থেকে ৫ হাজার টাকা তুলে রিকশায় আমতলার দিকে যান। এরপর তাঁর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি বলেন, বিচারক আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, নাজির সৈয়দ মাইনুল হোসেন বৃহস্পতিবার বিকেলে জানান, বিচারক নাদিমের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, মঙ্গলবার দাপ্তরিক কার্যক্রম শেষে বিকেলে আদালত থেকে বাসার উদ্দেশে বের হন নাদিম। রাতে তাঁর পরিবারের সদস্যরা জানান, তিনি বাসায় ফেরেননি। এরপর থেকেই তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, নাদিম বিচারকদের বহনকারী মাইক্রোবাসে যাতায়াত করতেন না। বেশির ভাগ সময় হেঁটে কিংবা রিকশায় আদালতে আসা—যাওয়া করতেন। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।