
ঢাকা—বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ছাড়া নথুল্লাবাদে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মহাসড়কের আরও দুটি স্থানে টায়ার জ্বালানোর ঘটনাও ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে গাছ ফেলে আগুন জ্বালানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ওপর একটি গাছ ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় সড়কের ওপর একটি ব্যানারও ফেলে রাখা হয়।
তবে ভিডিওতে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এমন কোনো ঘটনার খবর তিনি এখনো পাননি।
অন্যদিকে, বরিশাল—ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করে রাখা তালাবদ্ধ বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের সড়কে টায়ার জ্বালানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্কিং করে রাখা বাসটির জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে, রাত ৭টার দিকে ঢাকা—বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের সড়কে টায়ার জ্বালায় দুর্বৃত্তরা।