
বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তরিকুল ইসলাম হিরন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গ্রেপ্তার তরিকুল ইসলাম হিরন মুলাদী উপজেলার চরডিক্রি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সুলতানা আকন এবং মায়ের নাম হোসনেআরা।
পুলিশ সূত্রে জানা গেছে, মুলাদী থানার মামলা নম্বর—৩৩, জিআর নম্বর—১৯১/২৬—এর আসামি তরিকুল ইসলাম হিরন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন সংশোধিত—২০২৬—এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় দায়ের করা হয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে মুলাদী থানায় ২০২৪ সালের একটি মামলাও রয়েছে। ওই মামলার নম্বর—২৩, জিআর নম্বর—১৬৩/২৪, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৪৩৫, ৪৩৭, ৪২৭, ৫০৬(২) ও ১০৯ ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮—এর ৩ ও ৪ ধারা এবং অস্ত্র আইনের ১৯(ক) ধারা উল্লেখ রয়েছে।
পুলিশ জানায়, এসব মামলার ধারাবাহিকতায় তরিকুল ইসলাম হিরনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘সন্ত্রাসী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানের পাশাপাশি মামলার আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত থাকবে।