
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা, যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বরগুনায় দলটির ৩০ নেতা—কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা বামনা, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা—কর্মী।
এদিকে বুধবার রাতে বরগুনা পৌর শহরে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের চরকলোনি এলাকায় মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, রাতে টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা বাড়িটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ছাড়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী উপজেলায় বরিশাল—কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা—কর্মীরা। এ সময় তাঁরা সড়কে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনার পরপরই জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরগুনা সদর উপজেলার মাছবাজার এলাকা ও পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া স্টেডিয়াম এলাকায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন নিষিদ্ধ সংগঠনের নেতা—কর্মীরা।
জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা ওসি মো. কামরুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বুধবার রাত থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০ নেতা—কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।