
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পাথরঘাটায় নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কোনো পক্ষ যেন এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও পাড়া—মহল্লায় তাদের অবস্থান করতে দেখা গেছে।
কয়েকটি দলে বিভক্ত হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতভর বিভিন্ন এলাকায় অবস্থান করেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পাথরঘাটার শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে কেউ যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিশোধ বা সংঘাতের রাজনীতি চাই না। আমরা চাই, পাথরঘাটার মানুষ নিরাপদে বসবাস করুক। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছি। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী বলেন, পাথরঘাটার শান্তিপূর্ণ পরিবেশ কেউ যেন অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।
তিনি বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। কোনো অপশক্তি পাথরঘাটার শান্তি—শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে।’
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি এলাকার শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার জন্যও তারা সবার প্রতি অনুরোধ জানান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।