
বরগুনার পাথরঘাটা উপজেলা কমিটিতে অনুমতি ছাড়া নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মাদ্রাসাশিক্ষক তোহা বিল্লাহ। পদত্যাগের কয়েক মাস পরও কমিটির তালিকায় তাঁর নাম বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করে ২০ নভেম্বর নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
তোহা বিল্লাহ পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের আবুল কাশেম ফরাজীর ছেলে। তিনি পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পর্যায়ের বিএসসি শিক্ষক।
তোহা বিল্লাহর দাবি, তিনি কখনো এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং কোনো রাজনৈতিক পদ গ্রহণের সম্মতিও দেননি। এরপরও পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।
বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নেতাদের কাছে মৌখিক ও লিখিতভাবে আপত্তি জানালেও তাঁর নাম প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তোহা বিল্লাহ বলেন, “আমি কখনো এনসিপি করিনি, জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম না। জীবনে রাজনীতি করিনি, ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। আমি একজন শিক্ষক, শিক্ষকতা নিয়েই থাকতে চাই। ২০২৬ সালের ১ জুন পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপরও তালিকায় নাম থাকায় ২০ নভেম্বর পুনরায় দ্রুত নাম প্রত্যাহারের দাবি জানিয়েছি।”
এ বিষয়ে বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সোহাগ খান বলেন, “রাজনীতিতে কেউ আসবেন, কেউ চলে যাবেন—এটাই স্বাভাবিক। তিনি নিজে থেকে পদত্যাগ করতেই পারেন। তাঁর পদত্যাগে এনসিপির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।”
তোহা বিল্লাহর দাবি, পদত্যাগের পরও কমিটির তালিকায় তাঁর নাম বহাল থাকায় তিনি বিষয়টির দ্রুত নিষ্পত্তি চান।